হলে উঠছে ঢাবি শিক্ষার্থীরা
শিক্ষা ডেস্ক:
করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধের পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। ফুল, চকলেট এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে হল কর্তৃপক্ষ।
এ উপলক্ষে হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন। অনেকটা মনে হচ্ছে যেন ঈদের দিনের মতো।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে এ কথা কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা চলে আসায় শিক্ষকদের মধ্যেও একটা প্রাণচঞ্চলটা এসেছে, প্রশাসনের মধ্যে প্রাণচঞ্চলটা আসছে। সবার মনে আনন্দ এটা সবচেয়ে বড় দিক। এতোদিন যে স্থবিরতা ছিল, সেটার অবসান ঘটেছে এবং অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব সব শিক্ষার্থীদের আমরা হলে নিয়ে আসতে পারি সেটাই লক্ষ্য। আজকের এই কর্মসূচি সেটি আমাদের পরবর্তী কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রেরণা দেবে।

