গান্ধীর হত্যাকারীদের কাছ থেকে দেশপ্রেম শেখার নেই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, গান্ধীর হত্যাকারীদের কাছ থেকে দেশপ্রেম শেখার কিছু নেই।

গতকাল রোববার কুচবিহারের যে রাসমেলার মাঠে জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আজ সোমবার সেখানেই পাল্টা সভা করে এসব কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন লোকসভা নির্বাচনে কুচবিহার থেকে তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী। তার হয়ে এদিন প্রচারে যান মমতা। সেখান থেকে নরেন্দ্র মোদি ও বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।

আনন্দবাজার বলছে, সাধারণ মানুষকে সভায় আসতে বাধা দেওয়া হয়েছিল বলে গতকাল অভিযোগ তুলেছিলেন মোদি। জবাবে এ দিন তাকে ‘অকৃতজ্ঞ’বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, রাজ্য সরকারই মোদিকে সভা করার জায়গা করে দিয়েছিল। তা সত্ত্বেও মিথ্যা অভিযোগ তুলছেন নরেন্দ্র মোদি। ‘অকৃতজ্ঞে’র মতো কথা বলছেন।

গত পাঁচ বছরে মোদি সরকার কিছু করেনি। তাই তার কাছ থেকে জবাব চাওয়া সাজে না বলেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মমতা।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে ভারতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আর এর ফলাফল জানা যাবে আগামী ২৩ মে।

  •  
  •  
  •  
  •