ভারতে করোনা শনাক্তের বিশ্বরেকর্ড, মৃত্যু সাড়ে তিন হাজার
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের নতুন ভারতীয় ধরন দেশটিকে ভয়ংকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। শুক্রবার থেকে শনিবার (০১ মে) সকাল পর্যন্ত দেশটিতে সবশেষ একদিনে শনাক্ত হয়েছেন রেকর্ড চার লাখের বেশি। আর মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এটি বিশ্বরেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজারে।
এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই ভারতে প্রতিদিন ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিল। এরপর তা ৩ লাখে গিয়ে ঠেকে। এবার একদিনে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হলো।
করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটিতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট। এর দায় রাজ্য সরকারের ওপর চাপাচ্ছেন সাধারণ মানুষ।
এর মধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জানিয়েছেন, শহরবাসীকে এখন দেয়ার মতো ভ্যাকসিন তাদের হাতে নেই। সরকার বেসরকারি সংস্থা থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। দিল্লির সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালেই নেই শয্যা। অক্সিজেনের জন্য হাহাকার তো আছেই।
এদিকে ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

