বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিল জাকির নায়েক
আন্তর্জাতিক ডেস্ক:
গুলশান হামলায় জড়িত অন্তত দুজন জাকির নায়েকের বক্তব্যে ‘উৎসাহিত’ হয়েছেন, টানা দুসপ্তাহ ধরে এমন অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে জাকির নায়েক বলেছেন, তার ভাষণের কোন অংশটা সেদেশে অশান্তি সৃষ্টি করতে পারে বলে অভিযোগ তোলা হচ্ছে, সেই পুরো অনুষ্ঠানটা দেখানো হোক।
ভারতীয় সাংবাদিকদের সঙ্গে সৌদি আরবের মদিনা থেকে স্কাইপের মাধ্যমে জাকির নায়েক এক সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ দেন। এছাড়া ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।
ভারতের মুম্বাইয়ের ইসলাম বিষয়ক এ বক্তা দাবি করেন, তিনি কখনই কোনো সন্ত্রাসী কাজে উৎসাহ দেননি।
তিনি বলেছেন, জিহাদের নামে আত্মঘাতী হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে দ্বিতীয় বড় পাপ। এটা ইসলামে নিষিদ্ধ, হারাম।
এ সংবাদ সম্মেলনে বারবারই বলতে থাকেন যে তিনি তার কোনো ভাষণেই সন্ত্রাসের পক্ষে কথা বলেননি।
অনেক ক্ষেত্রে ‘ডক্টরড টেপ’ অর্থাৎ কাটছাঁট করা ভিডিও দেখেই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করছে সংবাদ মাধ্যম, এমন দাবি করেন জাকির নায়েক।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এরকম ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দেখেই এধরনের অভিযোগ করা হচ্ছে। কয়েকটা ভিডিও ক্লিপে আবার আমার ভাষণের একটা দুটো বাক্য অপ্রাসঙ্গিকভাবে তুলে নিয়ে প্রচার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি, পিস টিভিতে দেওয়া আমার পুরো ভাষণগুলো কেউ দেখাক। তারপরে বলুক যে কোন অংশটা ভারত বা বাংলাদেশের জন্য অশান্তি তৈরি করতে পারে?’
তথাকথিত ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ভারতে আটক এক যুবকের বাবা অভিযোগ করেছেন যে, তার ছেলে জাকির নায়েকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিল। এছাড়াও আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ভারতে আরও কয়েকজনের পরিবার অভিযোগ করেছে, তারা জাকির নায়েকের বক্তব্য দেখেই সন্ত্রাসী কার্যকলাপে উদ্বুদ্ধ হয়েছিল।
এই প্রসঙ্গে জাকির নায়েক বলেন, তিনি প্রতি মাসে কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করেন। তারা তার সঙ্গে ছবিও তোলেন। কিন্তু তাদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনকেই হয়তো তিনি ব্যক্তিগতভাবে চেনেন।
‘জ্ঞাতসারে আমি কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে দেখা করিনি। কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে যদি এমন ব্যক্তি কেউ থেকে থাকেন যিনি সন্ত্রাসবাদী, তাহলে তো সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়!’
ভারতে তার পিস টিভি চ্যানেলটি দেখানোর অনুমতি কেন দেয়নি সরকার, সেই প্রসঙ্গও তোলেন জাকির নায়েক।
তিনি বলেন, ‘কেন অনুমতি দেওয়া হয়নি, তার একটা কারণ আমি আন্দাজ করতে পারি- পিস টিভি একটা মুসলিম চ্যানেল, এটা ইসলামি চ্যানেল। সেজন্যই অনুমতি দেয়নি ভারত সরকার।’
মুম্বাই পুলিশ জাকির নায়েকের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে, তিনি সেই তদন্তের মুখোমুখি হতেও রাজি।
তবে ওই তদন্তের কথা তিনি শুধু সংবাদমাধ্যমেই জেনেছেন। সরকারি পর্যায়ে কেউ তার সঙ্গে এখনও যোগাযোগ করেনি বলে তিনি জানিয়েছেন।

