নাটোরে সোয়া ডজন মামলার আসামী গ্রেফতার
নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা থানায় সোয়া ডজন মামলায় পুলিশের তালিকাভুক্ত আসামী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরমধ্যে ইউপি সদস্যকে মারপিট করে ফেয়ার প্রাইজের কয়েকশত কার্ড ছিনিয়ে নেয়ার মামলাসহ চারটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার সকালে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তৌহিদুর রহমান লিটনকে শহরের হাফরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। লিটন নলডাঙ্গা উপজেলার বাসুদেব এলাকার সাঝিপাড়ার তোতা মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদে হামলা করে ৫ নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন ও ইউপি সচিব হাবিবুর রহমানকে মারপিট করে কয়েকশ ফেয়ার প্রাইজের কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় ওয়ারেন্ট আছে। এছাড়া আরো তিনটা মামলায় নলডাঙ্গা থানায় ওয়ারেন্টসহ অন্তত ১৫টি মামলা আছে বলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল নিশ্চিত করেছে। তবে পৃথক একটি সূত্র জানায় তার বিরুদ্ধে থানা ও আদালতে অন্তত ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে বেশির ভাগ মামলাই চাঁদাবাজির। এছাড়া উপজেলা যুবলীগের অপর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সোহাগের ওপর হামলা ও মোটর সাইকেল পোড়ানোসহ একটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
নাটোর গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই জানান, গ্রেফতারকৃত লিটনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের পক্রিয়া চলছে।
এদিকে নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, লিটন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও তার বিরুদ্ধে নানা মিথ্যাচার করেছেন ও হুমকি দিয়েছেন। এ ব্যাপারে তিনি মামলা করতে দুইদিন নলডাঙ্গা থানায় গেলে পুলিশ তার মামলা নেয়নি। তবে ওসির দাবী আসাদ মামলা করতে আসেনি।

