নাটোরে এসি বাসে ১০লাখ টাকার ডাকাতি : আটক ৩

নাটোর প্রতিনিধি:
নাটোরে একটি বিলাস বহুল যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ সহ ১০লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।

এছাড়া ডাকাতদলকে সহযোগিতার অভিযোগে বাসটির চালক, সুপারভাইজার এবং হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, বাসের চালক নাটোর সদর উপজেলার ফতেঙ্গাপাড়ার এরশাদ আলীর ছেলে কাবিল হাসান (৫৫), হেলপার চট্টগ্রামের হাটহাজারির কাঠেরহাট পূর্বদোলা গ্রামের নূর আলমের ছেলে মানিক মিয়া (২৮) এবং সুপারভাইজার বগুড়ার শেরপুর উপজেলার আব্দুল হাই এর ছেলে মাহমুদ শরিফ (৩০)।

বাসের যাত্রী কাজী হুমায়ন কবির রনি বলেন, ঢাকা থেকে রাজশাহী গামী হানিফ পরিবহনের ভলভো বাসটি ৩২জন যাত্রী নিয়ে ঢাকা থেকে গতরাত পৌনে ১২টার দিকে ছেড়ে আসে। বাসটি রাত সাড়ে ৪টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় পৌছিলে যাত্রীবেশী ৬জন ডাকাত আগ্নেয়াস্ত্র নিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ সহ ১০লাখ টাকার মালামাল লুট করে গাজিরবিল এলাকায় একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়। পরে যাত্রীরা রাতে হাইওয়ে টহল পুলিশকে দেখে গাড়ী থামিয়ে পুলিশের কাছে অভিযোগ। এ সময় পুলিশ বাসের চালক, সুপার ভাইজার এবং হেলপারকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

ঘটনার সত্যতা স্বীকার করে নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জুয়েল জানান, ভলবো বাসের যাত্রী কাজী হুমায়ন কবির রনি চালক, হেলপার এবং সুপার ভাইজার সহ মোট ৫জনের নামে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে।

  •  
  •  
  •  
  •