তিনদিনে হত্যা রহস্য উদ্ঘাটন না হলে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে
নাটোর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত নাটোরের তিন যুবলীগ কর্মির জানাযার সমাবেশে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে প্রশাসনকে তিনদিনের সময় বেঁধে দিয়েছেন শফিকুল ইসলাম শিমুল এমপি। একই দাবীতে বিকালে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবলীগ। সমাবেশে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা ট্রাক ট্যাংকলরি সমিতি এই কর্মসূচীর সাথে একাত্মতা জানায়। জানাযার আগে সমাবেশে নাটোর সদর আসনের এমপি শিমুল বলেন, তিন দিনের মধ্যে নাটোরের তিন যুবলীগ কর্মী হত্যা রহস্য উদ্ঘাটন না করলে নাটোরসহ উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। এর সাথে দলের বা প্রতিপক্ষ কিংবা প্রশাসনের কেউ জড়িত থাকলেও তা খুঁজে বের করতে হবে। শিমুল জানান, এর সাথে যেই জড়িত হোক তাদের খুজে বের করে নাটোরের মাটিতেই বিচার করা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দেখা করে এর কারণ উদঘাটনের আহবান করেছি তিনিও এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন।
মঙ্গলবার সকালে শহরের কানাইখালী স্টেডিয়ামে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ যুবলীগ কর্মির জানাযা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জানাযায় দলের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মি অংশ নেন। এ সময় যুবলীগও প্রশাসনকে তিনদিনের সময় বেঁধে দেয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোর্তুজা আলী বাবলু ও পৌর যুবলীগের আহবায়ক সায়েম হোসেন উজ্জল। এদিকে ৭২ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন না হলে শনিবার মানববন্ধন থেকে নতুন কর্মসূচী ও বুধবার মানববন্ধনের ঘোষনা দিয়েছে জেলা ট্রাক ট্যাক লরি সমিতি
মঙ্গলবার সকাল ১০টায় শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে নিহত রেদওয়ান আহমেদ সাব্বির, আব্দুলাহ ও সোহেল রানার জানাযা শেষে তাদের গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার মধ্যরাতে নিহত তিন পৌর যুবলীগ কর্মি রেদওয়ান সাব্বির, আব্দুলাহ এবং সোহেলের মৃতদেহ দিনাজপুরে ময়না তদন্তের পর নাটোরে এসে পৌঁছে। মৃতদেহ নাটোরে পৌঁছার পর কান্নায় ভেঙ্গে পড়ে পরিবার ,স্বজন ও এলাকাবাসী।
এদিকে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবলীগ। মঙ্গলবার বিকালে শহরের কান্দিভিটা এলাকার আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা, সদর ও পৌরযুবলীগ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, পৌর যুবলীগের আহবায়ক সায়েম হোসেন উজ্জল। এ সময় রুহুল আমিন বিপ্লব কর্মসূচী ঘোষনাকালে রুহুল আমিন বিপ্লব ৭২ ঘন্টার মধ্যে ঘটনার উদঘাটন না হলে শনিবার মানববন্ধন থেকে নতুন কর্মসূচীর ঘোষনা দেয়া হবে জানান। এছাড়া বুধবার শহরে বিক্ষোভের ঘোষনা দিয়েছেন জেলা ট্রাক ট্যাংক লরি সমিতির সভাপতি মোস্তারুল ইসলাম আলম।
এর আগে গত শনিবার রাতে দুইটি মাইক্রোবাসে করে নাটোর শহরতলীর তকিয়া বাজার থেকে তিন যুবলীগ কর্মীকে তুলে নিয়ে যায় হয় দূবৃত্তরা। পরে সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখনো কোন মামলা হয়নি তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি শুনেছেন।

