কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং জলবায়ু অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রমের উপর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক কর্মশালা আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশ এর কৃষি ও পরিবেশ সমন্বয়কারী মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ত্রাণ ও পুনঃবাসন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালিব মোল্লাহ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রাব্বানী।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ শফিউল ইসলাম। আরডিআরএস বর্তমানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় জুলাই ২০১৩ থেকে কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের উপ প্রকল্প কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় বাস্তবায়ন করছে যা ডিসেম্বর ২০১৬ তারিখে শেষ হবে। এ উপ-প্রকল্পের আওতায় মোট উপকারভোগীর সংখ্যা ৩০৪৯ জন। এ প্রকল্পের আওতায় ক্লাস্টার ভিত্তিক ১২৯৯ টি ভিটা উচুঁ করা হয়েছে যেখানে ৪৫০ টি নলকুপ ও ৪২০ টি স্যানেটারী ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। এছাড়া ১০০০ টি সোলার প্যানেল, ছাগল পালনের জন্য ৯০০ টি মাচাঁ প্রদান করা হয়েছে। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য ২৫০ টি পরিবারকে দিয়ে ভার্মিকম্পোষ্ট উৎপাদন করা হচ্ছে। এ সার দিয়ে বসতভিটায় শাক-সবজি, চরে মিষ্টি কুমড়া, বন্যা সহিঞ্চু ধান ব্রিধান ৫১, ৫২ চাষ করছে।
কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আরডিআরএস ইউনিয়ন ফেডারেশনের প্রতিনিধি, প্রকল্পের উপকারভোগী, সাংবাদিক ও আরডিআরএস এর বিভিন্ন কর্মকর্তাসহ মোট ৪০ জন অংশগ্রহণ করে।

