কুড়িগ্রাম সীমান্তে গরু ও মাদকদ্রব্য আটক
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা ও ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপির নায়েক মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ১৫টি গরু আটক করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আর্ন্তজাতিক পিলার ৯৮০ সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ধলডাংগা সিরাজের মোড় নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে একজন লোক পায়ে হেঁটে গরুগুলি নিয়ে আসার সময় টহলদলকে দেখা মাত্রই গরু ছেড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ১৫টি গরু আটক করে। আটককৃত গরুর সিজার মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা।
অপরদিকে অনন্তপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল ভারতীয় হ্যাপী গোল্ড মদ আটক করে। মঙ্গলবার ভোররাতে টহলদলটি আর্ন্তজাতিক পিলার ৯৪৪ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভেল্লিরতল নামক স্থানে অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য আটক করে। অটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩১ হাজার টাকা বলে জানায় বিজিবি।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, আটককৃত গরুগুলি কাস্টমসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম গ্রহণ করা হবে এবং ফেন্সিডিল ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

