প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ:
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

১৬ মার্চ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে ‘ক্রিয়েটিভ ট্যালেন্ট হান্ট-২০১৭’ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়। আমরা সব কেন্দ্রকেই পর্যবেক্ষণের আওতায় রাখি। তারপরও দু-একটি জায়গায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

ক্রিয়েটিভ ট্যালেন্ট হান্ট বা মেধা অন্বেষণ কার্যক্রমের ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে ষষ্ঠ থেকে অষ্টম, নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ এ তিনটি ধাপে মেধা অন্বেষণ হবে। চারটি বিষয়ে মেধা যাচাই ও বাছাই করা হবে। বিষয়গুলো হচ্ছে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ।

আগামী ৩০ মার্চ জাতীয়ভাবে মেধা অন্বেষণের কাজ সম্পন্ন হবে। বিজয়ী ১২ জনকে প্রধানমন্ত্রী এক লাখ টাকা পুরস্কার দেবেন। আর ৮৪ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মো. সোহরাব হোসেন এবং মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •