কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলা শহরের হাসপাতালরোডে রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল গেট এলাকায় জয়নাল আবেদীন (২৮) নামের এক বাইসাইকেল আরোহীকে তিস্তা থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এলাকাবাসী দাবী করেন, তিস্তা থেকে রাজারহাট উপজেলা শহরে ঢোকার সময় ট্রাফিক পুলিশ ট্রাকটিকে আটক করে কাগজপত্রাদি দেখতে চায়। কিন্তু ট্রাকের ড্রাইভার এসময় পুলিশকে ফাঁকি দিয়ে ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জয়নাল আবেদীন রাজারহাটের দেবীচরন গ্রামের আব্দুল আউয়ালের পুত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

