ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড, তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডে লাইফ সাপোর্টে থাকা চারজনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গনির নেতৃত্বে তদন্ত কাজ শুরু হয়। কমিটির অপর সদস্যরা হলেন- আইসিইউ ইউনিটের প্রধান ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান, হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার, ডা. আবুল কাশেম, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী তাওহীদুর রহমান, ফায়ার সার্ভিসের স্থানীয় সহকারী পরিচালক শহীদুর রহমান ও আইসিইউ ইউনিটের কর্তব্যরত নার্স।
তদন্ত কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত আইসিইউ ইউনিট ঘুরে দেখেন। আগামী রোববার পুনরায় তদন্ত করবেন তারা।
হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুরের সখিনা (২০) ও ময়মনসিংহের তারাকান্দার হাবিবুর রহমান (৩৬) নামে দুই রোগী মারা যায়। এর আগে বুধবার মারা যায় হেলাল উদ্দিন ও সুরুজ মিয়া। আগুন লাগার আগে আইসিইউতে ছয় জন চিকিৎসাধীন ছিল। আগুন লাগার পর তাদের লাইফ সাপোর্ট খুলে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে সরিয়ে নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ঈদের পরের দিন মঙ্গলবার হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

