সড়কে ঝরল তিন প্রাণ
ডেস্ক রিপোর্ট :
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে দুইজন ও বাগেরহাটে একজন নিহত হয়েছেন। শুক্রবার এসব ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকার মো. রফিকের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৩) ও একই এলাকার মোবারক (২২)।
শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ৪ জন।
পটিয়া হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বড়ুয়ার টেক এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৬ যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনার পর ২ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার মোল্লাহাটে বাসের চাপায় শেখ মনিরুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শেখ মনিরুল ইসলাম খুলনা পূর্ববানিয়া খামার এলাকার শেখ আব্দুল হাইয়ের ছেলে।

