বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি : জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
জেলার উজিরপুর উপজেলার চতলবাড়িসংলগ্ন সন্ধ্যা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী এমভি তরিকা-২ লঞ্চের ধাক্কায় একটি মাছধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম সুমন হাওলাদার। তিনি উজিরপুর পৌরসভার মাহার এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, পিরোজপুরের হুলারহাট থেকে যাত্রীবোঝাই করে এমভি তরিকা-২ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। লঞ্চটি সন্ধ্যা নদীর চতলবাড়ি অতিক্রমকালে সুমন হাওলাদারের মাছধরা নৌকাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে নৌকা ডুবে সুমন নিখোঁজ হয়।

দুর্ঘটনার পর লঞ্চটি চলে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশ নদীর ওই পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •