আলেম-উলামাদের মুক্তির দাবি জানালেন মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ সম্প্রতি দেশে ধর্মীয় নেতা-আলেম-উলামাদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ অবিলম্বে তাদের মুক্তি চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন,‘গত কয়েকদিন ধরে এই লকডাউনে সুযোগ নিয়ে আমি আগেও বলেছি যে, একটা ক্র্যাকডাউন করা হয়েছে। সেই ক্র্যাক ডাউনের মধ্য দিয়ে একদিকে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে দেশের ধর্মীয় নেতা যারা আছেন, যারা আলেম-উলামা আছেন তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে যারা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধেয় আলেম আছেন, এদেশে মানুষের কাছে যারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অসংখ্যক মিথ্যা মামলাও দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘‘আমি আহবান জানাব যে, অবিলম্বে এই সমস্ত মামলা-মোকাদ্দমা তুলে ফেলা হোক, ধর্মীয় যারা নেতা আছেন, আলেম-উলামা আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করা হোক এবং বিএনপির যেসব নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক এবং তাদের সকল মামলা তুলে নেয়া হোক।”

ফখরুল বলেন, ‘‘ধর্মীয় নেতাদেরকে গ্রেপ্তার করে আজকে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের বুকে আঘাত করা হচ্ছে এবং তাদের আবেগ, সেন্টিমেন্ট সেখানে আঘাত করা হচ্ছে।”

তিনি বলেন, ‘‘আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, ধর্মীয় নেতাদেরকে এভাবে অপমান করা, তাদেরকে এভাবে হয়রানি করা এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু কোনোভাবে মেনে নেবে না।”

বৈঠকে দেশের করোনার ভয়াবহ পরিস্থিতি, লকডাউনে নিম্ন আয়, দিন আনে দিন খায় মানুষজন, শ্রমিক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংকট, টিকার অনিশ্চিয়তা, চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুতকেন্দ্রে কর্মরত শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষনের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে।

  •  
  •  
  •  
  •