টিকা নিয়ে ভারতকে পাপনের কড়া জবাব
নিউজ ডেস্কঃ টাকা নিয়েও ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট দুই মাস ধরে টিকা না পাঠানোয় সরকারকেই সরব হওয়ার কথা বলছে টিকা আমদানির দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো।
টিকা কবে মিলবে জানা নেই স্বীকার করে প্রতিষ্ঠানটির প্রধান নাজমুল হাসান পাপন জানান, সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন সংশয়।
শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
পাপন বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনও ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।
‘সরকার অগ্রিম যে টাকা দিয়েছে, সে অনুযায়ী টিকা দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকা অনুযায়ী টিকা আমাদের দিতে হবে। দেড় কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।’
পাপন আরও বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু, সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সরকার বসে নেই। তৎপর হতে হবে বেক্সিমকোকেও। তিনি আরও জানান, আমরা ভারত সরকারকে প্রতিনিয়ত বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য এবং তারা কখনো না করেনি। কিন্তু তারা দিতে পারছে না।
ভারতে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভ্যাকসিন পেতে এই জটিলতা তৈরি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

