মামুনুল হকের ‘দ্বিতীয় শ্বশুর’ ডিবি হেফাজতে

dbhefazote

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নেয়া হয়। রবিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ডিবি পুলিশের একটি দল ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

ওলিয়ার রহমান আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। গত ২১ এপ্রিল বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কার করা হয়।

ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে নিয়ে গেছেন। তবে কোন কারণ জানাননি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা। তখন হেফাজত নেতা মামুনুল হক তাকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন।

গত রবিবার হেফাজতের এই নেতাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার করা হয়। পরের দিন আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।

  •  
  •  
  •  
  •