আবারো লকডাউন বাড়ানোর ঘোষণা, গণপরিবহনও চালু হবে না

lockdown_bangladesh

নিউজ ডেস্কঃ করোনা বিস্তাররোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন হতে পারে বলে জানা গেছে। প্রজ্ঞাপন জারি হলে আগামী ৫ মে পর্যন্ত এই ‘বিধিনিষেধ’ বহাল থাকবে।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে এখনো স্বস্তির জায়গায় নেই। তাই এই মুহূর্তে খুব কঠোর বা একেবারে খোলামেলা- কোনো দিকেই যেতে পারছে না সরকার। তাই বর্তমানে দোকানপাট খোলা রাখে যে পরিস্থিতি চলছে; সেই পরিস্থিতিতে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

আজকের বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লিখিত সিদ্ধান্তের ব্যতিক্রম না হলে আজ বিকেলের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে।

উল্লেখ্য দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্যে ‘লকডাউন’ ঘোষণা করে সরকার।

পরের দিন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১১টি সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমোদন দেওয়া হয়। এরপর ৯-১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্যে ‘সর্বাত্মক লকডাউন’র ঘোষণা দেয় সরকার। সেই ‘লকডাউন’র মেয়াদ ২১ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তৃতীয় দফায় তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। চলমান বিধি-নিষেধের মেয়াদ আজ চতুর্থ দফায় আবারও বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হলো।

  •  
  •  
  •  
  •