করোনায় মারা গেলেন নান্দাইল থানার এসআই নাজিম উদ্দিন

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন (৪১) প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার সকাল সাতটার দিকে তিনি ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নাজিম উদ্দিনের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার ছাতুগাঁও গ্রামে। তার মা-বাবা ছাড়াও দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।

জানা যায়, প্রায় ছয়মাস ধরে নান্দাইল থানায় কর্মরত ছিলেন নাজিম উদ্দিন। গত ২৭ মার্চ রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পরদিন তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি ওই হাসপাতালটিতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সর্বশেষে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার তিনি মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, কর্মজীবনে নাজিম উদ্দিন ছিলেন সৎ ও পরিশ্রমী। এ কারণে তিনি বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছেন।

  •  
  •  
  •  
  •