বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রাশেদুল মিয়া (২৫) নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
শুক্রবার রাত ৮টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী নামক সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ১০৫৬ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
রাশেদুল ইসলাম ছাটকড়াইবাড়ী গ্রামের অধিবাসী আবুল হোসেনের পুত্র এবং পেশায় রাজমিস্ত্রী বলে জানিয়েছেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজান।
বিজিবি জানায়, শুক্রবার রাতে রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতীয় ৬-গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রাশেদুল সেখানে আটকে পড়ে। এ সময় বিএসএফ তাকে আটক করে এবং তাকে ভারতের থানায় পুলিশে সোপর্দ করে।
জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দাঁতভাঙ্গা কোম্পানি সদর দপ্তরের কমান্ডার সুবেদার মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, বিজিবি’র টহল দলের চোখকে ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে ভূ-খণ্ডে গেলে বিএসএফের গুটলিগাঁও বিওপি’র টহল দল রাশেদুল ইসলাম নামের ওই যুবককে ধরে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হলেও তারা করোনার অজুহাত দেখিয়ে তাতে সাড়া দেয়নি। তবে ওই যুবককে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

