অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গিয়ে হাসপাতাল কর্মচারীর হাতে মার খেলেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

জাতীয়ঃ মা কে চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের কর্মচারীদের হাতে মার খাবার অভিযোগ দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর।ঘটনাটি গতকাল শুক্রবার রাতে ঘটে রংপুর মেডিকেল কলেজে।

মারপিটের শিকার দুই শিক্ষার্থী হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তাঁর ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম।

রেজওয়ানুল করিমের ভাষ্যমতে , অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ছোট ভাইক রাশেদ কে সঙ্গে নিয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। জরুরি বিভাগে ভর্তির ৩০ টাকার জায়গায় ১০০ টাকা নেওয়া হলে সেই অতিরিক্ত টাকার রসিদ চান তাঁরা। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁকে মারধর করেন হাসপাতালের কর্মচারীরা। ছোট ভাই রাশেদ করিম মুঠোফোন দিয়ে ছবি তুললে তাঁকেও মারধর করা হয়। সেই সঙ্গে মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হলেও পরবর্তী সময়ে ফেরত দেওয়া হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি হাসপাতালে যাই। ওই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে ঘটনার শিকার শিক্ষার্থীদের খোঁজখবর নিই। তাদেরও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।’

হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: