‘মা-বাবা-বোনকে হত্যা করেছি, দেরি হলে স্বামী সন্তানকেও করবো’: মেহজাবিন

mehejabin

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীতে ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যার ঘটনায় বড় মেয়ে মেহজাবিনকে আটক করেছে পুলিশ। সেই হত্যার ঘটনায় পেছনে পরকীয়া প্রেম রয়েছে বলে দাবি করেছে নিহতের স্বজনরা।

এদিকে ঘটনার পরই শনিবার দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তিন খুনের রহস্য উন্মোচন করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই ক্ষোভ থেকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মেহজাবিনের স্বামী শফিকের সঙ্গে তার শ্যালিকা জান্নাতুলের অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব বিষয় মাথায় রেখেই এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর জামাল উদ্দিন বলেন, শ্যালিকা ও দুলাভাইয়ের অনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিশ হয়েছিলো; বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে, সালিশের পর কী অবস্থা ছিলো, এ ছাড়াও হত্যাকাণ্ডের অন্য কোনও কারণ রয়েছে কিনা এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে মেহজাবিন তীব্র ক্ষোভ থেকে খাবারে বিষ মিশিয়ে বাবা মা ও বোনকে হত্যা করেছে, এ বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে।

এর আগে শুক্রবার সকাল আটটার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে মেহজাবিন তার বাবা, মা ও বোনকে খুন করেছেন বলে জানান। তাদের উদ্ধার করার কথা জানিয়ে তিনি বলেন, আরও দেরি হলে তার স্বামী এবং সন্তানকেও খুন করে ফেলবেন।

পরবর্তী সময়ে কদমতলী থানাকে এ বিষয়টি অবহিত করা হলে পুলিশ গিয়ে ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। এসময় আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

  •  
  •  
  •  
  •