কলাম্বিয়া থেকে কাঁচামালের বদলে এলো অজগর সাপ

নিউজ ডেস্কঃ শিল্পের কাঁচামালের কনটেইনার খুলে পাওয়া গেল বিশাল এক অজগর।কলম্বিয়া থেকে কনটেইনার টি এসেছে আনোয়ার ইস্পাতের নামে।আজ রবিবার (২০ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকার আনোয়ার ইস্পাত কারখানায় কনটেইনারটি খুলে অজগর সাপটি পাওয়া যায়। পরে সাপটিকে বিকালে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আনোয়ার ইস্পাতের কারখানার ম্যানেজার (এডমিন) মো. মিজানুর রহমান জানান, কলম্বিয়া থেকে আমাদানি করা ইস্পাতের কাঁচামাল চার মাস আগে কনটেইনারে লোড করে জাহাজে তোলা হয়। চট্টগ্রাম বন্দর হয়ে কনটেইনার শনিবার কারখানায় পৌঁছে। রবিবার একটি কনটেইনার আনলোড করতে গিয়ে ভেতরে সাপটি দেখতে পায় শ্রমিকরা। এত চাঞ্চল্য ও আতংক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ঢাকায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে খবর দেওয়া হয়। এরপর তারা এসে সাপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, সাপটি ‘বোয়া কনস্ট্রিক্টর’ জাতের। এ সাপটি লম্বায় ৫-৬ ফুট। সাপটির ওজন চার কেজি ও এর বয়স প্রায় সাত মাস। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, অজগরটি অসুস্থ থাকায় সেটি পার্কের ভেতরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এটিকে সুস্থ করে যথাস্থানে অবমুক্ত করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,