ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন ইসলামী বক্তা হেদায়াতুল্লাহ খান আজাদী

azadi

নিউজ ডেস্কঃ ইসলামী বক্তা মুফতি হেদায়াতুল্লাহ খান আজাদী গত ২১ জুন ২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল সদর ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করেন তিনি।

মুফতি হেদায়াতুল্লাহ আজাদী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা থেকে দাওরা এবং জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া থেকে ইফতা পাস করেন। পেশাগত জীবনে তিনি একজন খতিব, শিক্ষক ও ইসলামী বক্তা। তিনি ঢাকার ধোলাইপাড়ের পুকুরপাড় জামে মসজিদের খতিব এবং ইসলামী একাডেমি বাংলাদেশ নামক একটি ইসলামী স্কুলের পরিচালক।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুফতি হেদায়াতুল্লাহ আজাদী শৈশব থেকেই ইসলামী রাজনীতিতে স্বক্রিয় ছিলেন। রাজনীতিতে তাঁর হাতেখড়ি হয় মুক্তিযোদ্ধা দাদার মাধ্যমে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার দাদা মাওলানা আবদুর রশিদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে তিনি ১১৭ জন হিন্দু সনাতন ধর্মাবলম্বীর জীবন রক্ষা করেন। শৈশবে দেখেছি, তিনি প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোঁজ-খবর নিতেন, তাদের সাহায্য-সহযোগিতা করতেন। কখনো কখনো ফজরের পর আমাকে সঙ্গে নিয়েও বের হতেন। মানুষের ভালো-মন্দ খবর নিতেন। এভাবে আমার ভেতর জন-সম্পৃক্ততা ও জনসেবার একটি আগ্রহ তৈরি হয়। সে আগ্রহ থেকেই মূলত রাজনীতিতে সম্পৃক্ত হওয়া।’

মুফতি আজাদী মনে করেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আলেমদের আরো বেশি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত। কেননা যে মানুষের ভেতর আল্লাহভীতি ও সততা নেই তার দ্বারা সমাজের কল্যাণ সাধন করা সম্ভব নয়।

  •  
  •  
  •  
  •