জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়ে গ্রেফতার ১৪ জন!
নিউজ ডেস্কঃ জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃংখলা বাহিনী।
বৃহস্পতিবার জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বেরিয়ে রাজধানীর রমনা মোহাম্মদপুর ও শাহবাগ এলাকা থেকে আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ১৪ জন।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, ‘অপ্রয়োজনে ঘোরাফেরা করায়’ সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী জানান, তারা এখন পর্যন্ত ১০ জনকে অপ্রয়োজনীয় চলাফেরার অভিযোগে গ্রেফতার করেছে। এর মধ্যে রায়েরবাজার থেকে ৭ জন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

