সরানো হচ্ছে বাংলাবাজার ঘাট

নিউজ ডেস্কঃ আজ সকালে চতুর্থ বারের মত পদ্মাসেতুর পিলারে ধাক্কা দিয়েছে বাংলাবাজার-শিমুলিয়া রুটের ফেরী। সর্বশেষ আজ সকালেও কাকলী নামের একটি ছোট ফেরী ধাক্কা দিয়েছে সেতুর ১০ নম্বর খুটিতে। এমন অবস্থায় পদ্মাসেতুর সুরক্ষায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটটি শরীয়তপুরের মাঝিরকান্তিতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ পদ্মাসেতু এলাকা পরিদর্শনে গিয়ে ঘাট স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পাশাপাশি শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পদ্মাসেতুর পিলারে ফেরী ধাক্কা দেয়ার ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে গত ২৩ জুলাই। ওইদিন রো রো ফেরী শাহজালাল ধাক্কা দেয় সেতুর ১৭ নম্বর পিলারে। ঘটনার দিনই একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন। ২৫ জুলাই দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে কমিটি। সুপারিশে মাদারীপুরের বাংলাবাজার ঘাটটি শরীয়তপুরের মাঝিরকান্তিতে স্থানান্তরের সুপারিশ করা হয়।

আজ পদ্মাসেতু এলাকা পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর নিরাপত্তা অনেক বড় কথা। এ সেতুতে আঘাত যেন আমাদের হূদয়ে আঘাত। এতে হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না। আমরা এতে বিব্রত হচ্ছি। দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শকালে অন্যদের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ পদ্মাসেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,