গত ডিসেম্বরে সড়ক দূর্ঘটনায় নিহত ৪১৮জন
নিউজ ডেস্ক:
সড়ক দূর্ঘটনা বর্তমানে যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ডিসেম্বর মাসে দেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৮ জন নিহত এবং ৪৯৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯ জন শিশু রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৬৬ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এছাড়া, নিহতদের মধ্যে ১২৭ জন পথচারী (৩০ দশমিক ৩৮ শতাংশ) এবং ৬৯ জন যানবাহন চালক বা হেলপার (১৬ দশমিক ৫০ শতাংশ) ছিলেন।
এছাড়া ডিসেম্বর মাসে মোট ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬০ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪৯টি (৩৮ দশমিক ৯০ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১২৪টি (৩২ দশমিক ৩৭ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬৭টি (১৭ দশমিক ৪৯ শতাংশ) গ্রামীণ সড়কে, ৩৯টি (১০ দশমিক ১৮ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৪টি (১ দশমিক ০৪ শতাংশ) সংঘটিত হয়েছে।
এর মধ্যে ৫৮টি (১৫ দশমিক ১৪ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ১২৯টি (৩৩ দশমিক ৬৮ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৩টি (৩২ দশমিক ১১ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৬২টি (১৬ দশমিক ১৮ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১১টি (২ দশমিক ৮৭ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৩ দশমিক ৭৬ জন। ডিসেম্বর মাসে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪১৮ জন। গড়ে প্রতিদিন নিহত হয়েছে ১৩ দশমিক ৪৮ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩৩৯ জন, অর্থাৎ ৮১ দশমিক ১০ শতাংশ।

