১৬ জানুয়ারি বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন
নিউজ ডেস্ক:
আগামী ১৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে এ অধিবেশন একটু দীর্ঘ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও এ অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন এবং পাস করারও কথা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর একাদশ সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়।

