গুগলের জিইজি লিডার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের নাদির

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো গুগলের বেস্ট জিইজি লিডার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের নাদির বিন আলী। আগামী ১ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জিইজি টপ লিডারস্ সামিটে’ গুগল কর্তৃপক্ষ অ্যাওয়ার্ড প্রদানের জন্য নাদির বিন আলীকে আমন্ত্রণ জানিয়েছেন। নাদির বিন আলী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক (আইটি) এবং গুগল এডুকেটর গ্রুপ (জিইজি) বাংলাদেশ এবং জিইজি ঢাকা সাউথ-এর নেতা।

২০১৫ সালের মে মাস থেকে একটানা বাংলাদেশে গুগল এডুকেটর গ্রুপের কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে কমিউনিটির পেশাগত উন্নয়নে তার অবদান অপরিসীম। শিক্ষক, শিক্ষার্থীদের শিক্ষা এবং টেকনোলজি উন্নয়নে চালু এই কার্যক্রম পরিচালনা করে আসছেন নাদির বিন আলী। যার স্বীকৃতিস্বরুপ বিশ্বখ্যাত এডুকেটর সম্প্রদায় ‘গুগল এডুকেটর গ্রুপ (জিইজি)’ তাকে ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘বেস্ট জিইজি লিডার অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী সমাদৃত গুগল এডুকেটর গ্রুপ (জিইজি) বাংলাদেশে ‘জিইজি ঢাকা সাউথ’ নামে রাজধানীর স্টার্ট আপ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করে গত বছরের ২২ মে। ‘গুগল এডুকেটর গ্রুপ’ হচ্ছে এমন একটি প্রশিক্ষক সমপ্রদায় যারা শ্রেণী কক্ষে ও শ্রেণী কক্ষের বাইরে শিক্ষণ, অংশীদারিত্ব, অনুপ্রেরণা ও ক্ষমতায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা পূরণে একে অপরকে প্রযুক্তিগত সমাধান দিয়ে সহায়তা করে থাকে।
অনলাইনকে কাজে লাগিয়ে কিভাবে ক্লাসের কার্যক্রম, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন নেয়া যায় সম্পর্কে ধারণা দেয়া হয়। গুগলকে কাজে লাগিয়ে খুব সহজে কিভাবে কোন ইভেন্টের জন্য ফরম তৈরী, ব্যক্তিগত ওয়েব পেজ তৈরি করা যায় এই সম্পর্কেও ধারণা দেয়া হয়। ‘গুগল এডুকেটর গ্রুপ’ পরস্পরের সাথে সুনিবিড় সম্পর্ক স্থাপন করে মুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার কমিউনিটির শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা সহায়তা প্রদান করে। এছাড়া এই গ্রুপটি পরস্পরের সাথে নিবিঢ় সম্পর্ক স্থাপন করে মুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন ও অফলাইনে কমিউনিটির শিক্ষার্থীদের শিক্ষা দেয়।

  •  
  •  
  •  
  •  

Tags: