প্রথমবারের মতো সীমান্তে বিজিবির নারী সৈনিক
বেনাপোল সংবাদদাতা:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে প্রথমবারের মতো মোতায়েন করেছে নারী সদস্য। বিজিবির পুরুষ সদস্যদের পাশাপাশি তারা সীমান্ত পাহারা দেবেন। গত রোববার দুপুরে নারী সদস্যদের বেনাপোল চেকপোস্টে কর্তব্য পালন করতে দেখা যায়। ওই সীমান্তে ১৩ জনের একটি নারী দলকে এই প্রথম সংযোজন করা হয়েছে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের হাবিলদার কামাল হোসেন বলেন, সীমান্ত প্রহরায় বিজিবিতে নারী সদস্য অবশ্যই প্রয়োজন। কারণ বৃহত্ এই সীমান্ত দিয়ে অনেক নারী চোরাচালানি যাতায়াত করে থাকে। এসব চোরাচালানি মহিলাকে বিজিবির পুরুষ সদস্যরা তল্লাশি করতে পারে না। এসব মহিলা অনেক সময় অবৈধ পণ্য নিয়ে যাতায়াত করে থাকে। আবার অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশের ভেতর প্রবেশ করে। সন্দেহ হওয়া সত্ত্বেও পুরুষ দিয়ে তাদের তল্লাশি করা সম্ভব হয় না। নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় আর এ বাধা রইল না।
তিনি আরও জানান, নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় অনেক চোরাচালানি মহিলা এ পথ থেকে সরে যাবে। তাদের ভেতর অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। বেনাপোল আইসিপি ক্যাম্পে ঋতু, নার্গিস, তানিয়া সুলতানা, মৌসুমি, সাগরিকাসহ মোট ১৩ সদস্য যোগ দিয়েছেন।
নার্গিস খাতুন জানান, ট্রেনিং শেষে তারা প্রথমে যশোরের বেনাপোল সীমান্তে যোগদান করে ডিউটি করছেন।
এ পেশা কেমন লাগছে-জানতে চাইলে তিনি বলেন, ভালোই লাগছে। দেশের জন্য আজ কাজ করতে পারছি। চোরাচালান, মাদক, অস্ত্র, সোনা, ডলার পাচার রোধ করতে পারলে ভালোই লাগবে আশা করি। আমাদের কর্তব্যে অবহেলা করব না। আশা রাখি এ পেশায় আমরা ভালো করব।
বেনাপোল আইসিপি ক্যাম্প সূত্র জানায়, নিয়োজিত নারী সদস্যরা রাতে কোনো ডিউটি করবেন না। তারা শুধু দিনের বেলায় বেনাপোলের আমড়াখালি ও সীমান্তের নোম্যান্স ল্যান্ডসহ বিভিন্ন পোস্টে কর্তব্য পালন করবেন।

