ফুলছড়িতে অটোরিকসা চাপায় শিশু শিক্ষার্থী নিহত
গাইবান্ধা প্রতিনিধি:
জেলার ফুলছড়ি উপজেলায় ব্যাটারীচালিত অটোরিকসা চাপায় জান্নাতি আকতার (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের বোচারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
জান্নাতি আকতার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে। সে বোচারবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এদিকে, এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ফুলছড়ি-গাইবান্ধা পাকা সড়কের বোচারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে দুই ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হালিম ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুল ছুটির পর জান্নাতি বাড়ী ফেরার জন্য স্কুলের সামনে পাকা সড়কে উঠে। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকসা তাকে চাপা দেয়। এতে জান্নাতি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু জান্নাতির অবস্থা আশষ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। তবে অটোরিকসাটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।

