সারাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় কন্যা শিশু দিবস’

নিউজ ডেস্ক:
‘শিশুবিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস।

কন্যাশিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০০ সালে বাংলাদেশ সরকার ‘জাতীয় কন্যা শিশু দিবস’ ঘোষণা করে। সেই থেকে দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়। অন্যান্য বছরের মতো এবারো দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, শিশুবিবাহ বন্ধ করে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসহ পরিপূর্ণ বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ ১৮ বছরের কম বয়সী শিশু যাদের মধ্যে ৪৮ শতাংশই কন্যা শিশু। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এ বিপুলসংখ্যক কন্যা শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিশোরী ও নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ব্যবস্থা নেয়া হয়েছে। আজ আমাদের নারীসমাজ জাতীয় অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

মডেল: শাইরা ।।  ছবি: আব্দুর রহমান

  •  
  •  
  •  
  •  

Tags: