জবি শিক্ষকের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
নিউজ ডেস্কঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। চিকিৎসকের অবহেলা আছে কি না তা খুঁজে বের করতে এই বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একজন জেলা জজের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে অনুসন্ধান করে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সাঈদা নাসরিন বাবলীর মৃত্যুর ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
সাঈদা নাসরিন বাবলী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশারের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন সাঈদা নাসরিন বাবলী। হাসপাতালে থাকা অবস্থায় কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। এরপর ৭ জুলাই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে ওই শিক্ষকের ৫ বছর বয়সী শিশু সন্তান ইউজারসিফ মাহমুদ বর্ণভের পক্ষে। পাশাপাশি ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।

