আসছে বৃষ্টিতে বাড়বে শীত!
নিউজ ডেস্ক:
ডিসেম্বরের শুরু থেকে উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীতের প্রকোপ। তবে আজ বুধবার দুপুরে হঠাৎ পৌষের গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে আরো বেশি।
এবার শীতে বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ে। তাপমাত্রা নেমে আসে এক অঙ্কে। গত এক সপ্তাহ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এই জেলায়।
বুধবার তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি আর উত্তরে ঠাণ্ডা বাতাসে পঞ্চগড় জেলার বাসিন্দাদের জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, “আমরা সরকারি-বেসরকারিভাবে জেলায় ৩৩ হাজার শীতবস্ত্র বিতরণ করেছি। এর বাইরে আরো চাহিদা পাঠানো হয়েছে। চাহিদা অনুযায়ী শীতবস্ত্র পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।”
তেতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, “সাগরে লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। তবে এখন তাপমাত্রা পরিবর্তন হবে না। জানুয়ারির শুরুতে জেলায় শীতের তীব্রতা আরো বাড়বে।”

