ইসরায়েল ভ্রমণ করতে পারবে না বাংলাদেশিরা

ban

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ সংশোধন করা হলেও সে দেশে বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। রোববার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে মর্মে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‍টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। নতুন ইস্যু হওয়া ই-পাসপোর্ট থেকে ‘অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল’ পর্যবেক্ষণ তুলে দেওয়ার পর এই দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে।

সেখানে আরও বলা হয়, এই পর্যবেক্ষণ তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য। তার মানে এই নয়, মধ্যপ্রাচ্যের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইসরায়েল সম্পর্কে অবস্থান থেকে বাংলাদেশ সরকার সরে আসেনি এবং বাংলাদেশ এক্ষেত্রে দীর্ঘদিনের অবস্থানেই অবিচলই রয়েছে।

সরকার বলেছে, আল-আকসা মসজদি কম্পাউন্ড ও গাজায় বেসামরিক লোকজনের উপর দখলদার ইসলায়েলি বাহিনীর সাম্প্রতিক বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের প্রস্তাবের আলোকে দুই রাষ্ট্র সমাধানকে স্বীকৃতি জানানোর মৌলিক অবস্থানেই আছে বাংলাদেশ। যেখানে ১৯৬৭ সালের যুদ্ধ-পূর্ববর্তী সীমানা ঠিক রেখে দুই রাষ্ট্র তৈরি এবং পূর্ব জেরুজালমকে ফিলিস্তিনের রাজধানী করার বিষয়টি রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। এখন নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ছাড়া) শব্দ তুলে দেওয়ার ঘটনায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছে তেল আবিব। যদিও দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এক টুইটবার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন এ ইস্যুতে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেওয়াকে ‘অনেকটা বড় খবর’ বলে উল্লেখ করেন তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: