পরীমনির মতো সৌভাগ্য হয়নি ইসলামী বক্তা আবু ত্ব-হার
নিউজ ডেস্কঃ বাংলাদেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী পরীমনির মতো ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিবারের সৌভাগ্য হয়নি বলে মন্তব্য করেছেন সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘কোথায় মামলা করবো? কার কাছে মামলা করবো? কার কাছে অভিযোগ করব? কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না, কথাটি বলছিলেন ত্ব-হার (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) স্ত্রী। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, একই সময় একই ধরনের অভিযোগ করতে দেখেছি নায়িকা পরীমনিকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী। কারণ তার মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি ত্ব-হার পরিবারের।
‘সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের আরও ৬০৪টি পরিবারের। যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে।’
উল্লেখ্য রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। ১৩ জুন থেকে তারা নিখোঁজ রয়েছেন।
ত্ব-হার নিখোঁজ হবার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোন থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।
এদিকে সোমবার সকালে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন পরীমনি। দুপুরের মধ্যে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় স্বস্তি প্রকাশ করে পরীমনি বলেন, ‘এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।’

