ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন দিলেন পাঠাও চালক

আজ সকালে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের এক চালক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জানা গেছে, দোকান দিয়ে ব্যবসা করতেন শওকত আলী। কিন্তু করোনার কারণে লকডাউনে তার ব্যবসাটিও বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন শওকত। কয়েক মাস ধরে বাধ্য হয়ে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালিয়ে সংসারের হাল ধরেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড্ডা লিংক রোডে যাত্রীর জন্য দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যায়।
মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই ব্যক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট তার কাগজপত্র দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে সে ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ মোটরসাইকেলটির আগুন নিভায়।

তিনি বলেন, মোটরসাইকেলটি এবং ওই বিক্ষুব্ধ চালককে আমরা থানায় নিয়ে এসেছি। তার ক্ষুব্ধ হওয়ার কারণটি এবং সে কেন এমনটি করেছেন বুঝার চেষ্টা করছি।

  •  
  •  
  •  
  •