করোনা ভয়াবহ রূপ নিচ্ছে ইউরোপে
নিউজ ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন আসার পর ইউরোপ আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির মতো দেশের গত তিন দিনের শনাক্তের হার সে ইঙ্গিতই দিচ্ছে। বর্তমানে ইউরোপে ১০ কোটিরও বেশি করোনা শনাক্তের রেকর্ড হয়েছে।
শুধু গত এক সপ্তাহে প্রায় ৫০ লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে। ইউরোপের ৫২টি দেশের মধ্যে ১৭টিতে গত এক সপ্তাহে করোনা শনাক্তের এই সংখ্যা আগের যে কোনো সময়ে এক সপ্তাহে আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২ জানুয়ারি) বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফ্রান্সে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন রোগী।
যদিও এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। এই মহাদেশটিতে জনসংখ্যার মোট ৬৫ শতাংশ মানুষ করোনার অন্তত একডোজ টিকা নিয়েছেন। পূর্ণডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার ৬১ শতাংশ মানুষ। তবুও গত কয়েক দিন ইউরোপে করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে।

