ইলিশের দাম কমেছে
নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কেজিতে প্রায় ৩০০ টাকা পর্যন্ত দাম কমেছে ইলিশের। বাজার ঘুরে দেখা যায়, শীত উপেক্ষা করেই ইলিশ কিনতে আড়তে ভিড় করেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতার পায়চারি, দামাদামি এবং হাঁকডাকে সরব ছিল মুন্সীগঞ্জের ইলিশের আড়ত।
মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়ত ইলিশে সয়লাব। রাতভর মাছ শিকারের পর পাশেই জেলে-নৌকাগুলো নোঙর করা হয়। আর মাছগুলো পাঠানো হয় আড়তে।
সরবরাহ ভালো হওয়ায় এক দিনের ব্যবধানে ইলিশের দাম কমেছে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত। বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজি ১১০০-১৩০০ টাকায়। সহনীয় দামে ইলিশ কিনে খুশি ক্রেতারা।
ক্রেতারা জানান, তুলনামূলক কম দামে ইলিশ পাওয়া যাচ্ছে। বাজারে মাছের ঘাটতিও নেই। পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে বাজারে। অন্যদিকে শীত মৌসুমে এত বড় এবং সংখ্যায় বেশি পরিমাণে ইলিশ ধরা পড়া একটি বিরল ঘটনা। কারেন্ট জাল বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে মনে করে আড়ত কমিটি।

