গিনেস বুকে নাম লেখানোর আগেই মারা গেলো সেই ছোট্ট গরু ‘রানী’
নিউজ ডেস্কঃ গিনেস বুকে আবেদন করা ঢাকার আশুলিয়ায় চারিগ্রামের শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আলোচিত সেই ছোট গরু ‘রানী’ মারা গেছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ফার্মটির প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। পেটে গ্যাস জমে বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটি মারা গেছে বলে জানিয়েছেন তিনি।
ছোট এ গরুর ওজন ছিল ২৬ কেজি, উচ্চতা ২০ ইঞ্চি ও প্রস্থ ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল দুই বছর।
চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল বলেন, বুধবার ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেয়া হয়। এখানে চিকিৎসা চলাকালে দুপুর ২টার দিকে মারা যায়।
উল্লেখ্য প্রায় এক বছর আগে গরুটি নওগাঁ জেলা থেকে সংগ্রহ করেছিল ফার্ম কর্তৃপক্ষ। ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পরই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করলে গরুটি বিশ্ব দরবারে পরিচয় লাভ করে।

