কক্সবাজারে সমুদ্র ছুঁয়ে নামবে বিমান

নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দর উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার কক্সবাজার বিমানবন্দরে দেশের দীর্ঘতম রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করবেন। এটি শেষ হলে সমুদ্র ছুঁয়ে রানওয়েতে অবতরণ করবে প্লেন।

রোববার (২৯ আগস্ট) ভার্চুয়ালি রানওয়ে সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রানওয়ে সম্প্রসারণ হলে এ বিমানবন্দরে বোয়িং-৭৭৭ ও বোয়িং-৭৪৭ মডেলের প্লেনগুলো ওঠা-নামা করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মাসুদুল হাসান বলেন, গেলো ১১ আগস্ট রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে ৯ হাজার ফুট রানওয়ের সঙ্গে যোগ হবে আরো ১৭শ ফুট। এরই মধ্যে আড়াই শতাংশ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিওয়াইডাব্লিউইবি’ ও ‘সিসিইসিসি’। এক হাজার ৫৬৮ কোটি টাকা ব্যয়ে নির্ধারিত প্রকল্পটি শেষ করতে সময় লাগবে দুই বছর নয় মাস।

সূত্র জানায়, সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসেবে এটি বাস্তবায়ন করছে বেবিচক।

সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রসারিত হতে যাওয়া ১৭শ ফুট রানওয়ের মধ্যে ১৩শ ফুটই থাকবে সাগরের পানির মধ্যে। দেশে এই প্রথমবারের মতো সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে রানওয়ে সম্প্রসারিত করা হবে। এ প্রক্রিয়ায় কাজ দেশে প্রথম। কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে ল্যান্ড রেক্লেমেশন প্রক্রিয়ায় সম্প্রসারিত হবে এ রানওয়ে।

সম্প্রসারণের এই কাজটি পর্যটন ও অর্থনীতির বিকাশে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। শুক্রবার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: