কক্সবাজারে পিকআপের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত
নিউজ ডেস্ক: সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কক্সবাজার চকরিয়ার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।
নিহত চার ভাই হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহত তিনজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে একই পরিবারের ৯ সদস্য পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলেন। তারা রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

