লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে চরবংশীতে আলী আকবর কারী (৭০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ সময় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. জসিম উদ্দিন (৩২) নুর মিয়া (৬৮), সফিকুর রহমান (৫২), মো. তৌহির হোসেন (৩৫) ও মো. রুবেল হোসেন (২৮)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মো. জুয়েল (২৯), রাহেলা বেগম (৩৮), মোক্তার হোসেন (৩০)। খালাসপ্রাপ্তরা হলেন, উম্মে হাবিবা, ওসমান কবিরাজ ও মোশারফ হোসেন মশু।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে জুয়েল ও মোক্তার হোসেন ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরা সবাই রায়পুর উপজেলার এবং দণ্ডপ্রাপ্ত সফিকুর রহমান চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা।
২০১৮ সালের ৭ সেপ্টেম্বর উপজেলায় চরবংশী ইউনিয়নের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে আলী আকবর কারি (৮৫) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ নূরুল ইসলাম প্রকাশ নূর মিয়া পক্ষের লোকেরা। নিহত আলী আকবর কারি চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে। ঘটনায় নিহতের মেয়ে আমেনা আক্তার বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

