বাঁধ ভেঙে পানিতে ডুবলো হাওরের ২০০ হেক্টর জমির ধান
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরপাড়ের কৃষকরা স্বেচ্ছাশ্রমে টানা দুদিন কাজ করেও রক্ষা করতে পারলেন না নজরখালি বাঁধ। বাঁধ ভেঙে কৃষকদের সামনেই পানিতে ভেসে গেছে তাদের সোনার ফসল।
শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পাহাড়ি নদী পাটলাইয়ের পানি বেড়ে নজরখালি বাঁধ ভেঙে যায়। ফলে চোখের পলকে ডুবে যায় ৮২ গ্রামের কৃষকদের প্রায় ২০০ হেক্টর জমির ফসল।
জানা গেছে, টাঙ্গুয়ার জলাভূমি হাওর হিসেবে খ্যাত হলেও হাওরের কান্দাগুলোতে প্রায় ২০০ হেক্টর জমিতে জয়পুর, গোলাবাড়ি, মন্দিয়াতা, রংচি ও স্বপনগরসহ বিভিন্ন গ্রামের কৃষকরা বোরো ধান চাষাবাদ করেছেন। তবে বাঁধ ভেঙে পাহাড়ি নদীর পানি ঢুকলে ফসল ডুবে যেতে পারে, এমন শঙ্কায় ছিলেন কৃষকরা।
তারা বাঁধ মেরামতের দাবিও তুলেছিলেন। কৃষকদের দাবির মুখে হাওরের তিনটি বাঁধ মেরামতের জন্য সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আট লাখ টাকা বরাদ্দও দেয়।
তবে গেলো দুদিন নদীতে আগাম পানি আসায় টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধটি টিকিয়ে রাখতে জয়পুর গোলাবাড়ি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে দিনরাত কাজ করছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে পানিতেই তলিয়ে গেলো কৃষকের ধান, সঙ্গে মিলিয়ে গেলো তাদের স্বপ্নও।
স্থানীয় কৃষকরা বলেন, এত কষ্ট করে ধান করলাম অথচ একটা ধানও ঘরে তুলতে পারলাম না। এখন কী করে সংসার চলবে সেই চিন্তায় আছি। ৮২টি গ্রামের মানুষের কষ্টের ফলানো ধান ডুবে গেছে।
তবে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, টাঙ্গুয়ার হাওরে বোরো চাষাবাদ খুবই কম। নজরখালি বাঁধ ভেঙে ২০০ হেক্টরের মতো ধান ডুবেছে। এ বাঁধ ভেঙে যাওয়ায় শনি ও মাটিয়ান হাওরের বাঁধের ওপর চাপ কমেছে।

