টাঙাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
নিউজ ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গোল চক্কর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটির ওপর উঠে যায়। এতে দুই গাড়ির ছয় যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে।
এখনো উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বিভিন্ন ক্লিনিকসহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

