৯ বছর পর ইলিয়াস আলীর গুম নিয়ে নতুন তথ্য!
নিউজ ডেস্কঃ দীর্ঘ ৯ বছর পর বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে নতুন এক তথ্য দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি আওয়ামী লীগ তাকে গুম করেনি। তাহলে গুম টা করল কে? এটা আমি সরকারের কাছে জানতে চাই। আমাদের অনেক মানুষ গুম হয়ে গেছে। যারা গুম করেছে তাদের কি বিচার হতে পারে না- বলেও প্রশ্ন রাখেন মির্জা আব্বাস।
সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী-ঢাকার উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, “ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতন্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস তাদের খুব গালিগালাজ করেছিল। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো আমাদের দলে এখনো রয়ে গেছে।”
মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, “যদি এদেরকে দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগুতে পারবে না।”
“বাংলাদেশের স্বাধীন-সার্বভৌমত্ব যে ভুলন্ঠিত হতে যাচ্ছে এটার জ্বলন্ত প্রমাণ হলো ইলিয়াস আলীর গুম। আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেলো দেশের অভ্যন্তর থেকে, আমাদের একজন নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশ থেকে পাচার করে নিয়ে গেল, আমাদের চৌধুরী আলমকে গুম করে দেয়া হলো, আমাদের কত ছেলেকে গুম করে দেয়া হলো-আমি বুঝলাম এই সরকার করে না। করলো কারা? আমি বলতে চাই, যারা করেছে তারা এদেশের স্বাধীনতা চায় না, তারা এদেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতে দেবে না।“
ইলিয়াস আলীকে বেশি স্নেহ করার কথা উল্লেখ করে তিনি বলেন, “ইলিয়াস ছিলেন একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক নেতা। আমি তাকে একুট বেশি স্নেহ করতাম।”
উল্লেখ্য বিএনপির সাবেক সাংসদ ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন ২০১২ সালের ১৭ এপ্রিল। রাজধানীর বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন তিনি। এরপর কেটে গেছে নয় বছর। এরমধ্যে সরকার তাকে গুম করেছে বলে নানা সময়ে অভিযোগ করেছে বিএনপি। তাকে জীবিত ফিরিয়ে দিতে হয়েছে আন্দোলন। কিন্তু এতদিনেও বিএনপির সেই নেতার কোনো হদিস মেলে নি।

