বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন

করোনা ডেস্কঃ

করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশেকে সহযোগিতা করতে চায় চীন। এ অবস্থায় তারা মেডিক্যাল টিম ও চিকিৎসা সামগ্রী পাঠাতে প্রস্তুত। পাশাপাশি দেশটির বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর আগে, সুরক্ষা সামগ্রী, মাস্ক, থার্মোমিটারসহ বিভিন্ন মেডিক্যাল ইকুইপমেন্ট বাংলাদেশকে দিয়েছিল চীন।

বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে ৪৫ মিনিট টেলিফোনে আলোচনা হয়। এ সময় চীনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সহায়তার জন্য চীন সব ধরনের তথ্য, অভিজ্ঞতা এবং মেডিক্যাল টিম পাঠাতে প্রস্তুত। চীনে যখন এই ভাইরাস ছড়িয়ে পড়ছিল তখন বাংলাদেশ চীনের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং সহায়তার হাত বাড়িয়ে দেয়। এখন বাংলাদেশসহ বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ায় চীন মনে করে বাংলাদেশ সরকারের প্রতিরোধমূলক ও ভবিষ্যতে এর সংক্রমণ রোধে আশু কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য চীনা প্রযুক্তি বিশেষজ্ঞ দল আনতে চাইছে সরকার।

গতকাল সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ৪৫ মিনিটের টেলিফোন আলাপে এমন প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে করোনা রোগীদের চিকিৎসায় ও বাংলাদেশি চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ দিতে চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদ সমন্বিত চীনা বিশেষজ্ঞ দল আনার সম্ভাবনা নিয়ে কথা বলেন এ কে আব্দুল মোমেন।

একইসঙ্গে বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই জটিল পরিস্থিতিতে চীন থেকে ভেন্টিলেটর আমদানির বিষয়েও আলোচনা করেন তারা।

এসময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের প্রতি পূর্ণ সহায়তার আশ্বাস ব্যক্ত করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: