বাকৃবি’র নিজস্ব ল্যাবে তৈরি ফেইস শিল্ড ময়মনসিংহ মেডিকেলে হস্তান্তর
বাকৃবি প্রতিনিধিঃ
করোনা যোদ্ধাদের সুরক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ এর নিজস্ব ল্যাবে তৈরি ফেইস শিল্ড (মুখ ঢাল) ময়মনসিংহ মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৫০ টি ফেইস শিল্ড ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয় বলে সবুজবাংলাদেশ24.কমকে জানান ফ্যাব ল্যাবের ইনচার্জ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন।
বাকৃবি’র ফ্যাব ল্যাবে (ফেব্রিকেশন ল্যাবরেটরি) তৈরি করা হচ্ছে করোনা মোকাবিলায় এই অতিরিক্ত সুরক্ষা সারঞ্জামটি।
করোনা মোকাবিলায় ডাক্তার, নার্স, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকতর সুরক্ষায় মুখমন্ডল ঢাকার কাজে এই শিল্ড ব্যবহার করা যাবে । বাকৃবি’র ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ফ্যাব ল্যাবে তৈরি করা হচ্ছে এসব ফেইস শিল্ড । তৈরিকৃত এসব ফেইস শিল্ড করোনা যোদ্ধাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলেও জানান ড. আলমগীর হোসেন ।
ফ্যাব ল্যাবের টেকনিশিয়ান নাজমুল হুদা জানান, ফেইস শিল্ড তৈরি করতে বাইরে থেকে আমদানি করা অ্যাক্রিলিক শিট ও ফ্লেক্সিশিড ব্যবহার করা হয়ে থাকে যা গুনগতমানসম্পন্ন । তিনি আরও জানান, কম্পিউটারে ডিজাইন করে অ্যাক্রিলিক শিট লেজার কাটার দিয়ে নেয়ার পর ফ্লেক্সিশিট লাগিয়ে ফেইস শিল্ড তৈরি করা হয়ে থাকে। ফ্যাব ল্যাবে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি ফেইস শিল্ড তৈরি করা সম্ভব বলেও জানান তিনি।
ফ্যাব ল্যাবের ইনচার্জ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন জানান, করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে আন্তর্জাতিক অঙ্গণে পিপিই, মাস্ক এর সাথে ফেইস শিল্ড ব্যবহার হচ্ছে। কিন্তু বাংলাদেশে ফেইস শিল্ড এর পরিবর্তে নামমাত্র চশমা ব্যবহার করতে দেখা যায়।
ঢাকা থেকে এর কাঁচামাল সংগ্রহ করে ফেইস শিল্ড তৈরির কাজ শুরু করা হয়। ফেইস শিল্ড সম্পূর্ণভাবেই স্বাস্থ্য সম্মত দাবি করে ড. আলমগীর আরও জানান, এটি ব্যবহারের ফলে মুখমণ্ডলকে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা দেবে।

বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান এর নির্দেশনায় ফ্যাব ল্যাবে এই ফেইস শিল্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে । উপাচার্য বলেন বিনামূল্যে এটি প্রাথমিকভাবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও বাকৃবি’র হেলথ সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদেরও সরবরাহ করা হবে ।
উল্লেখ্য সম্পূর্ণ ডিজিটাল এই ফ্যাব ল্যাবটি হেকেপ প্রকল্পের মাধ্যমে বাকৃবিতে স্থাপন করা হয়। ফ্যাব ল্যাবের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যাধুনিক এই ল্যাবটিতে স্মরণিকা তৈরির কাজসহ বিভিন্ন ডিজাইনের শিক্ষণীয় সামগ্রী তৈরি করে থাকেন।

