করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে নাটোরে
করোনা ডেস্ক:
২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে নাটোরে। নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ জন। আর নাটোর হাসপাতালে ৩১ শয্যার বিপরীতে চিকিৎসাধীন ৪৪ জন
এদিকে, দুটি পৌরসভার সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিনে ঢিলেঢালাভাবে তা পালিত হচ্ছে।
নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাটোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর দত্তপাড়া এলাকার ৭০ বছরের বৃদ্ধ গোলাম মণ্ডল এবং গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের মরিয়ম বেগম নামের ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জন নতুন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৪০.৯৩ শতাংশ।
অপরদিকে, জেলায় ষষ্ঠ দিনে ঢিলেঢোলাভাবে লকডাউন পালিত হচ্ছে। কাঁচা পণ্য, ওষুধ ও মুদিখানা ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের দল। তবে প্রধান সড়কগুলো ছাড়া শহরের ভেতর বিভিন্ন সড়কে অটোরিকশা ও রিকশা চলাচল করছে।
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে আজ সোমবার (১৪ জুন) পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২৬৫ জন। সুস্থ হয়েছেন ১৫৫৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জন। আর মৃত্যু হয়েছে ৩৫ জনের।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।

