কিশোরগঞ্জে লাগামহীন ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

করোনা ডেস্কঃ কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যা। জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ বুধবার (৭ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টেও সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ফলে সংক্রমণ পরিস্থিতি দিন দিনই উদ্বেগজনক হয়ে ওঠছে।

সর্বশেষ রিপোর্টে জেলায় একদিনে সর্বোচ্চ ১২৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৩১ জন। এছাড়া জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে চারজনসহ মোট ৭ জন মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ করোনা পজেটিভ হয়ে মারা যাওয়া চারজনই পুরুষ। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার একজন (৬৫), হোসেনপুর উপজেলার একজন (৫৫) ও করিমগঞ্জ উপজেলার দুইজন (৮৫ ও ৬৮ বছর)।

চারজনই মঙ্গলবার (৬ জুলাই) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ পরিস্থিতিতে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা আরো ৯২ জন বেড়েছে।

আগের দিন মঙ্গলবার (৬ জুলাই) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ১১৪৯ জন। ফলে বুধবার (৭ জুলাই) বর্তমান রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ১২৪১ জন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১২৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫২ জন শনাক্ত হয়েছে।

এছাড়া বাকি ৭৫ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ৭ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, তাড়াইল উপজেলায় ৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ১২ জন, ভৈরব উপজেলায় ২৩ জন, নিকলী উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ৫ জন এবং ইটনা উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে।

ফলে শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে শীর্ষে থাকা কিশোরগঞ্জ সদর উপজেলায় করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,